আবহমান বাংলার সংস্কৃতি লালন করুন

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি আকাশ সংস্কৃতির যুগে দেশীয় ঐতিহ্য ধরে রাখতে আবহমান বাংলার সংস্কৃতি ধারণ ও লালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় ধুপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত ঘুড়ি উত্সবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারি আক্রান্ত পৃথিবীতে মাত্র যে ২২টি দেশে জিডিপির ধ্বনাত্মক প্রবৃদ্ধি হয়েছে, তারমধ্যে বাংলাদেশ তৃতীয় এবং এশিয়ায় আমরা সবার ওপরে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের মানুষগুলোর সংকট মোকাবিলায় সক্ষমতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব।

ঢাকা সাংবাদিক ফোরাম সভাপতি শামীম সিদ্দিকীর সভাপতিত্বে সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবু আহমেদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভুঁইয়া, একাত্তর টিভির বার্তাপ্রধান শাকিল আহমেদ, সাংবাদিক লাবণ্য ভুঁইয়া, ইহিতা জলিল প্রমুখ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। তথ্যমন্ত্রী ঘুড়ি উড়িয়ে উত্সব উদ্বোধন করেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সভা: এদিকে গতকাল বিকালে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাছান মাহমুদের সভাপতিত্বে বোর্ডের অষ্টাদশ সভা অনুষ্ঠিত হয়। অসুস্থ, অস্বচ্ছল, প্রয়াত সাংবাদিকদের ও তাদের পরিবারের জন্য অনুদান প্রদানের লক্ষ্যে আয়োজিত এ সভায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম মাহফুজুল হক, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সভায় অংশ নেন।