ট্রেনে নারীদের পৃথক কামরা রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রেলওয়ে আইনে আছে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখার। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আইনের এ বিধান প্রতিপালন করছে না। এ কারণে সংশ্লিষ্ট আইনের বিধান প্রতিপালনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী মো. আজমল হোসেন। তিনি জানান, আগামী সপ্তাহে এ রিটের ওপর হাইকোর্টে শুনানি হতে পারে। রিটকারী আরো জানান, দ্য রেলওয়ে অ্যাক্টের ৬৪ ধারায় প্রত্যেক যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষণ করার কথা আছে। ঐ কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে আইনের ১১৯ ধারায়। কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে না।