‘পুরুষ বলাত্কার’কে ধর্ষণের অপরাধভুক্ত করতে দণ্ডবিধির ৩৭৫ ধারা সংশোধন চেয়ে রিট

পুরুষ বলাত্কারকে ধর্ষণের অপরাধের আওতাভুক্ত করে দণ্ডবিধির ৩৭৫ ধারা সংশোধন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সম্প্রতি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুম বিল্লাহ ও সমাজকর্মী ড. সৌমেন ভৌমিক। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে। রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, সম্প্রতি দেশে ছেলে শিশু তথা কিশোরদের ওপর যৌন নির্যাতন ও বলত্কারের ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে বিচার করা যাচ্ছে না। এ কারণে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে পুরুষ বলাত্কারকে ধর্ষণের অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আদালতের কাছে নির্দেশনা চেয়েছি।