বঙ্গোপসাগরে সফল মিসাইল উেক্ষপণ

নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে সফল মিসাইল উেক্ষপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফগার্ড-২০২০’ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। মহড়ার সফল সমাপ্তির পর প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের সব কর্মকর্তা ও নাবিককে অভিনন্দন জানান। এছাড়া নৌ সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।

নৌ মহড়ার সমাপনী দিনে অন্যদের মধ্যে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১৮ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলক্রাফ্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্যসংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড, সেনা ও বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে অংশগ্রহণ করে।

মোট চারটি ধাপে অনুষ্ঠিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, নৌ বহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া।