পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

অসুস্থ স্ত্রী নাদিয়া আক্তার কলির (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকনের (২৭) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। স্বামী মোস্তফার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে। 

কলির পারিবারিক সূত্র জানায়, প্রায় ছয় বছর আগে মোস্তফা আকনের সঙ্গে মৃত মকবুল হোসেনের মেয়ে কলির বিয়ে হয়। মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক। মোস্তফার গর্ভবতী স্ত্রী কলিকে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী সন্তান প্রসবের জন্য শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ৬ জানুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের মা হন কলি। পরে সুস্থ হয়ে ১১ জানুয়ারি ক্লিনিক থেকে শহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় ওঠেন।

এদিকে, গতকাল সকালে কলি অসুস্থ হয়ে পড়েন। তাত্ক্ষণিক কলির স্বামী মোস্তফা সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রীকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সক তাত্ক্ষণিক কলিকে ভর্তি করে চিকিত্সা শুরু করেন। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী স্বামী মোস্তফা ওষুধ কিনতে হাসপাতালের সামনে ফার্মেসিতে যান। এ সময় মোবাইলে স্ত্রী কলির মৃত্যুর খবর পেয়ে সেখানেই স্বামী মোস্তফা সংজ্ঞাহীন হয়ে পড়েন। লোকজন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।