খুলনা ভার্সিটির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

জুনিয়র শিক্ষার্থীদের রাতভর শারীরিকভাবে নির্যাতন ও গালিগালাজ এবং শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টির অপরাধে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে পাঁচ জনকে বহিষ্কার ও দুই জনকে লঘু শাস্তি দেওয়া হয়। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব মো. শরিফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুনিয়র শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন ও গালিগালাজের অপরাধে ইংরেজি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান রাজা ও রাজ বর্মণ বিধানকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। নির্যাতনে উসকানি দেওয়ার অপরাধে একই ডিসিপ্লিনের মিনহাজুর রহমানকে এক বছরের জন্য বহিষ্কার, সাবেরুল বাশার নিরবের সার্টিফিকেট এক বছরের জন্য স্থগিত এবং ফাহাদ রহমান অঝোরকে অভিভাবকসহ মুচলেকা প্রদানের শর্তে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুই শিক্ষকের সঙ্গে  অসদাচরণ করার দায়ে বাংলা ডিসিপ্লিনের ৩য় বর্ষের মোবারক হোসেন নোমানকে এক বছর (২য় টার্ম)  এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের ইমামুল ইসলামকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে মো. শরিফ হাসান লিমন বলেন, গৃহীত সিদ্ধান্তগুলোর ব্যাপারে কোনো শিক্ষার্থী চাইলে একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবে।