থমথমে অবস্থার মধ্যে দিয়ে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নির্বাচনী অফিসে বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন। তিনি আরো জানান, বিস্ফোরক আইনে করা মামলাটিতে বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া এই মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আড়ানীর সাহাপুর এলাকার সাহাবাজ আলীর ছেলে মিলনকে (৩০) আটক করেছে পুলিশ। এদিকে জেলা প্রশাসক আবদুল জলিল ও পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের উপস্থিতিতে গতকাল এক যৌথসভায় নির্বাচন সুষ্ঠু অবাধ ও প্রভাবমুক্ত পরিবেশে অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, নির্বাচনী কার্যালয়সহ দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়। ঘটনার জন্য তারা পরস্পরকে দোষারোপ করছে।