রাজধানীর কলাবাগানে এক কিশোরী গৃহকর্মী ধর্ষণের শিকার হওয়ার পর মনের ক্ষোভে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ঐ বাড়ির নিরাপত্তা প্রহরীর জুনায়েদকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে। গত বুধবার বিকালে কলাবাগান থানার ৫৮, নর্থ সার্কুলার রোডের ৯তলা বাড়ির সাত তলার মহিউদ্দিন চৌধুরীর ফ্ল্যাটের বাথরুম থেকে ওই গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ১৭ বছর বয়সি ঐ কিশোরী পাঁচ বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছিল। বুধবার দুপুরে বাসার ছাদে কাপড় মেলতে যায়। এ সময় বাসার দারোয়ান জুনায়েদ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনা ঐ বাসার আরেক জন নিরাপত্তারক্ষী দেখে ফেলেন। তখন জুনায়েদ ঘটনাটি কাউকে না বলার জন্য ঐ নিরাপত্তারক্ষীকে অনুরোধ করেন। তবে ঐ নিরাপত্তারক্ষী এ ঘটনা বাসার মালিক মহিউদ্দিন চৌধুরীকে জানিয়ে দেন। ঘটনা জানাজানি হলে কিশোরীটি বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঐ কিশোরীর বাড়ি নোয়াখালীতে। পরে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে নিরাপত্তারক্ষী জুনায়েদকে আসামি করে মামলা করেন ঐ কিশোরীর বাবা। বৃহস্পতিবার জুনায়েদকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।