বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জাইন সিদ্দিক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে আসছেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান জাইন সিদ্দিক। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র উপদেষ্টা হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছে। বাইডেনের ট্রানজিশন টিমের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাইন সিদ্দিকই প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম ইউএনবি এবং ভারতের বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ট্রানজিশন টিমের জারি করা বিজ্ঞপ্তিতে অনুযায়ী, জাইনের মতো যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

কে এই জাইন সিদ্দিক

বাংলাদেশি বংশোদ্ভূত হলেও জাইন বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটেন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলের গ্রাজুয়েট জাইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক এন্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব পালন করছেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস যখন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বিতর্কে অংশ নেওয়ার জন্য টিম করেছিলেন, সেখানেও ছিলেন জাইন। এর আগে তিনি সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থিতার মনোনয়নের লড়াইয়ে নামা বেটো ও’রৌকের প্রচারণা শিবিরের ডেপুটি পলিসি ডিরেক্টর ও তার সিনেট ক্যাম্পেইনের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছেন।

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিটের আপিল আদালতের বিচারক ডেভিড ট্যাটেল ও ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার বিচারক ডিন প্রেগেরসনের অধীনে ল’ ক্লার্ক হিসাবে কাজ করেছেন জাইন সিদ্দিক। এর পাশাপাশি ওরিক হেরিংটন অ্যান্ড সাটক্লিফ এলএলপির একজন অ্যাসোসিয়েট হিসাবে আইন পেশার চর্চাও চালিয়ে গেছেন তিনি। জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৈচিত্র্যপূর্ণ প্রশাসন সাজানোর চেষ্টা করছেন। এ লক্ষ্যে তিনি কাউন্সেলর টু দ্য প্রেসিডেন্টের সিনিয়র পরামর্শক হিসাবে জন ম্যাকার্থি, ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র পরামর্শক হিসাবে থমাস উইনস্লো, ডিরেক্টর অব প্রেসিডেনশিয়াল শিডিউলিং হিসাবে লিসা কোহঙ্কে, অফিস অব দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের চিফ অব স্টাফ হিসাবে সারাহ ফেল্ডম্যান, চিফ ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ডিরেক্টর হিসাবে মাইকেল লিচ, ডেপুটি ডিরেক্টর অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফর পারসোনেল হিসাবে ক্রিস্টিয়ান পিলে ও কভিড-১৯ অপারেশনসের পরিচালক হিসাবে জেফ্রে ওয়েক্সলারকে বেছে নিয়েছেন।

ট্রানজিশন টিমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও সরকারের ওপর জনআস্থা ফিরিয়ে আনতে আমাদের অবশ্যই অভিজ্ঞ, নৈতিক ও নিবেদিত লোকেদের সমন্বয়ে প্রশাসন সাজাতে হবে। এই ব্যক্তিবর্গ হোয়াইট হাউজের কর্মী দলে যুক্ত হচ্ছেন যারা পরিশ্রমী পরিবারগুলোর সদস্যদের জীবনের মান উন্নয়নে নতুন করে দেশ গড়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আশা প্রকাশ করে বলেন, এই নিবেদিত সরকারি কর্মকর্তারা জাতির সবচেয়ে ভালো প্রতিনিধিত্ব করবেন।