স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ

দিনাজপুরের কাহারোলে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্ত্রী ববিতা রাণী রায়কে গ্রেফতার করেছে পুলিশ। 

নিহত ক্ষিতিশ চন্দ্র রায় (৩২)  উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউপির নোধাবাড়ীর গ্রামের বাসিন্দা। 

কাহারোল থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্ত্রী ববিতা রাণী লাঠি দিয়ে ক্ষিতিশকে আঘাত করে। গুরুতর আহত হলে সন্ধ্যায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষিতিশকে ভর্তি করা হয়। 

বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৬টায় ক্ষিতিশ মৃত্যু বরণ করে। শুক্রবার দুপুরে কাহারোল থানার পুলিশ বীরগঞ্জ হতে ববিতা রাণী রায়কে আটক করে কাহারোল থানায় নিয়ে আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলী। এ ব্যাপারে কাহারোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত ক্ষিতিশের পরিবার। 

ইত্তেফাক/জেডএইচ