সুপার কোপা
স্পোর্টস ডেস্ক
বলতে গেলে মৌসুমে একটি বাড়তি এল ক্লাসিকোর আশাতেই সুপার কাপের ফরম্যাট বদল করেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কিন্তু সেই আশা যে আর আলোর মুখ দেখছেই না। গত বছর অ্যাটলেটিকো মাদ্রিদের পর এবার সেই আশা গুড়েবালি করে দিয়ে ফাইনালে উঠেছে অ্যাথলেটিকো বিলবাও। রাউল গার্সিয়ার জোড়া গোলে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করেছে বিলবাও। রবিবারের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে তারা।
লা রোসালেডা স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটেই রামোস-ভারানদের ফাঁকি দিয়ে বক্সে ঢুকে রিয়ালের জালে বল জড়ান বিলবাও ফরওয়ার্ড রাউল গার্সিয়া। ৩৮ মিনিটে বিলবাও ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে বক্সের ভেতর ফাউল করে বসেন লুকাস ভাজকেজ। সেই ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগান গার্সিয়া। যার ফলে ২-০ ব্যবধান নিয়ে মধ্যবিরতিতে যায় দুই দল। বিরতির পর রিয়াল আক্রমণভাগে তাদের তত্পরতা বাড়ায়। ৭৩ মিনিটে করিম বেনজেমার গোলে ব্যবধানও কমায়। ৮১ মিনিটে বেনজেমা আরেকটি গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। বাকি সময়ে আর কোনো গোলের দেখা না পাওয়ায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। সুপার কাপ থেকে এই অনাকাঙ্ক্ষিত বিদায়ের পর আবারও সমালোচনার মুখে পড়েছেন ম্যানেজার জিনেদিন জিদান। এরকম পরাজয় দলের জন্য কেমন পরিণতি বয়ে আনতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবারে জিদান কিছুটা ক্ষিপ্ত হয়েই বললেন, ‘আপনারা কী চান? আমরা এখনই মৌসুম শেষ করে দেই? এরকম কথাবার্তা আরো চলবে। কিন্তু আমাদের কাজ আমরা চালিয়ে যাব।’
দলের প্রয়োজনের দিনে আবারো কোন অবদান রাখতে ব্যর্থ হয়েছেন রিয়ালের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড়, ইডেন হ্যাজার্ড। তবে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়ানো এই বেলজিয়ান উইঙ্গারের উপর এখনই আশা হারাচ্ছেন না জিদান। ধৈর্য ধরে চেষ্টা করে গেলেই তিনি সামনে ভক্তদের সন্তুষ্ট করতে পারবে বলে মনে করছেন এই ফরাসি কোচ।