আমিরের পক্ষ নিলেন আফ্রিদি

পাকিস্তানের কেউ সময়ের আগে অবসর নিবে, এবং তা নিয়ে নাটক হবে না তা কী করে হয়? মিসবাহ-ওয়াকারের সঙ্গে আমিরের চলমান দ্বন্দ্বকে পাকিস্তান জাতীয় দলের ‘আদি ঐতিহ্য’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে এই কাদাছুড়াছুড়িতে আমিরের পক্ষই নিলেন এই অলরাউন্ডার, বললেন বোর্ডের উচিত ছিল আমিরকে তার ভবিষ্যত্ সম্পর্কে আগেই জানিয়ে দেওয়া। এবং আমিরকে বোর্ডে ডেকে ‘দেশ ও জাতীর সম্মানের কথা বিবেচনা করে’ এই সমস্যার মীমাংসা করে দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। এর আগে মিসবাহ-ওয়াকারকে আরেক হাত নিয়েছেন আমির। খেলোয়াড় হিসেবে দুই জনই কিংবদন্তি ছিলেন আখ্যা দিয়ে আমির তাদের কোচিং জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। আরো বলেছেন, কোচিং স্টাফদের মানসিকতায় পরিবর্তন না আসলে তার পক্ষে আর জাতীয় দলে খেলা সম্ভব হবে না।