মানিকগঞ্জের পুটাইল-বালিরটেক সড়ক
মানবেন্দ্র চক্রবর্ত্তী, সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
৩২ বছরেও পাকা হয়নি দক্ষিণ মানিকগঞ্জের এলজিইডির পুটাইল-বালিরটেক সড়কটি। সাড়ে চার কিলোমিটার কাঁচা সড়কটি যান চলাচলের প্রায় অনুপযোগী। উল্লেখিত এলাকার প্রায় ১ লাখ মানুষকে ২৭ কিলোমিটার রাস্তা ঘুরে মানিকগঞ্জ সদরে যাতায়াত করতে হয়। স্বাধীনতার পরপরই পুটাইল ইউনিয়নের পুটাইল বাজার থেকে ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার পর্যন্ত স্থানীয় সরকারের অধীনে রাস্তাটি নির্মাণ করা হয়। সদরের সঙ্গে দক্ষিণ মানিকগঞ্জবাসীর যোগাযোগের একমাত্র রাস্তা এটি।
সম্প্রতি পুটাইল, বালিরটেক, শানবান্ধা এলাকা ঘুরে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যন্ত্রচালিত যানবাহন চলাচল না করলেও রিকশা, ভ্যান এই সড়ক দিয়ে মানিকগঞ্জ জেলা সদরে যাতায়াত করত। এখন সেটাও হচ্ছে না। গত ৩২ বছরেও সড়কটির সংস্কার না হওয়ায় উল্লেখিত ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড থমকে আছে। কৃষকরা উত্পাদিত ফসল জেলা সদরে বা আশপাশের ইউনিয়ন এবং হাটবাজারে সরবরাহ করতে না পারায় উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘স্বাধীনতার পর দক্ষিণ মানিকগঞ্জবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। ৩২ বছর ধরে সড়কটি যান চলাচলের অনুপযোগী । সড়কটি পাকা করলে এখানকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
মানিকগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক বলেন, ‘সদর উপজেলায় রাস্তাটি হওয়ায় পাকাকরণ ও সংস্কার দুটোই দ্রুত হবে।’ যেহেতু মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের একটি ডিও লেটার আছে। রাস্তাটি এক দিন আগে বা পরে যে কোনো দিন সংস্কার বা পাকাকরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।