প্রতিদিন রিসাইক্লিং করা যাবে আড়াই টন বর্জ্য
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় স্থাপন করা হয়েছে ক্লিন ওয়েস্ট মেশিন। যা দেশের প্রথম ক্লিন ওয়েস্ট মেশিন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় এই মেশিন থেকে বের হবে গ্রিন ওয়েস্ট। বাসা-বাড়ি থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে ফেলে দেওয়া ময়লা, আবর্জনা বা বর্জ্য এই মেশিনের মাধ্যমে পরিষ্কার করা যাবে। মালয়েশিয়ায় তৈরি এই ক্লিন ওয়েস্ট মেশিনে কোনো প্রকার শব্দ ও ধোঁয়া হবে না।
তাছাড়া এই মেশিনের মাধ্যমে ময়লা আবর্জনা পাঁচটি ধাপে পরিশোধিত হয়ে নিমিষেই ছাই হয়ে যাবে। শুধু তাই নয় বর্জ্য থেকে উত্পাদিত ফ্লাই অ্যাশ বা ছাই পরবর্তীতে ব্লক বানানোর কাজে বা সিমেন্ট উত্পাদনের কাজে লাগান যাবে। পরিবেশ দূষণরোধে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক এই প্রযুক্তি বাংলাদেশে এই প্রথম।
জিনজিরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাক হোসেন ও জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু বলেন, ক্লিন ওয়েস্ট মেশিন স্থাপিত হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনার ভোগান্তি কমবে এবং দূষণ কমে কেরানীগঞ্জের পরিবেশ প্রকৃতি সুন্দর থাকবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কেরানীগঞ্জের জিনজিরা মনু বেপারির ঢাল সংলগ্ন এলাকা যেখানে কিছুদিন আগেও ছিল ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। স্থানীয় এমপি বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের উদ্যোগে সেখানে গড়ে তোলা হয়েছে ময়লা ব্যবস্থাপনার আধুনিক ভবন। ওয়েস্ট টু গ্রিন প্রকল্পের জন্য বানানো হয়েছে সুন্দর-সুসজ্জিত একটি ইয়ার্ড। ভবনের ভেতর বসানো হয়েছে একটি ক্লিন ওয়েস্ট মেশিন। আর ইন্টারকো গ্রুপের মাধ্যমে মালয়েশিয়া থেকে আনা হয়েছে ইকো ওয়েস্ট বা ক্লিন ওয়েস্ট মেশিন। এই মেশিন দিয়েই প্রতিদিন রিসাইক্লিং করা যাবে প্রায় আড়াই টন ময়লা-আবর্জনা।