বরিশাল অফিস
ঝালকাঠীর নলছিটি উপজেলার রায়পাশা এলাকায় ধর্ষণের চেষ্টা করে মেধাবী এক স্কুলছাত্রীকে আত্মহননে প্ররোচনা মামলার আসামি মামুন হাওলাদারের কঠোর শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের মা মর্জিনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মামা মাহফুজ হাওলাদার, বাবা নান্টু হাওলাদার এবং সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
গত ৩০ ডিসেম্বর নলছিটির রায়পাশা সৈয়দ আবদুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে। নোটে তাকে সন্ত্রাসী মামুন হাওলাদার ধর্ষণের চেষ্টা করে বলে উল্লেখ করে সে। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা গত ৩ জানুয়ারি মামুনকে একমাত্র আসামি করে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করেন। পুলিশ গত ১১ জানুয়ারি মামুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।