নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে ---------------- কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ শনিবার অনুষ্ঠেয় ২য় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। সুষ্ঠু নির্বাচন করতে অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা দিবে। এটা সরকারের দায়িত্ব।

গতকাল শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শতকরা ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, আওয়ামী লীগ ইতিমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এসকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে। ওবায়দুল কাদের বলেন, আবার কারো কমিটির বিষয়ে যে কোনো অভিযোগ ধানমন্ডি ৩/এতে নির্বাচনি ট্রাইব্যুনালে জমা দেওয়া যাবে। আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ভীতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট। ‘সরকারকে জনগণ ক্ষমা করবে না’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণ দ্বারা আন্দোলন ও নির্বাচনে বারবার প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিতে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়েছে। জনগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনো অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে। তিনি বলেন, চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নরসিংদী পৌরসভার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আইনগত অভিযোগ থাকায় ইতিমধ্যেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সেখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে।