মাঝে মধ্যে খামখেয়ালি বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করা ফিলিপিনো প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে এবার বলেছেন, ‘দেশ শাসন করা নারীদের কাজ নয়’। বৃহস্পতিবার এক ভাষণে তিনি এমন উদ্ভট দাবি করেন। তার দাবি, মনস্তাত্ত্বিক পার্থক্যের কারণেই নারীরা সুচারুভাবে দেশ পরিচালনা করতে পারেন না। তার এই ভাষণ ইতিমধ্যে বিভিন্ন মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।
দুতার্তে বলেন, ‘আপনি জানেন নারী-পুরুষের মানসিকতা পুরো আলাদা। নারীরা এখানে এলে বোকা হয়ে যাবেন। সুতরাং ওটাই দুঃখের গল্প।’ শুধু নারী হওয়ার কারণে নিজের মেয়েকেও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার অনুমতি দেননি দুতার্তে। একটি মহাসড়ক প্রকল্প উদ্বোধনের সময় ৭৫ বছর বয়সি এ নেতা আরো বলেন, ‘আমার মেয়ে নির্বাচনে লড়বে না। আমি ইন্দেকে (প্রেসিডেন্টের মেয়ে সারা দুতার্তের ডাকনাম) নিষেধ করেছি। কারণ, আমি প্রেসিডেন্ট হয়ে যার মধ্য দিয়ে যাচ্ছি, সেটা তাকেও যেতে হবে ভেবে তার প্রতি আমার করুণা হয়।’
ফিলিপিনো প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে আপত্তিকর, যৌনতাবাদী ও নারীবিদ্বেষী বক্তব্য রেখেছেন। সেসব নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। কিন্তু দেশটির প্রেসিডেন্টের কার্যালয় তার এসব বক্তব্যকে ‘নিরীহ কৌতুক’ বলে উড়িয়ে দিয়েছে। তাছাড়া, ফিলিপাইনের নারী ভোটারদের মধ্যেও বেশ জনপ্রিয়তা রয়েছে দুতার্তের।—দ্য ওয়াশিংটন পোস্ট