তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, লুটপাট করে অঢেল সম্পদ বানিয়েছে এমন অনেকে পিঠ বাঁচাতে এখন নৌকায় উঠতে চায়। তাদের ধারণা, নৌকায় উঠতে পারলে লুণ্ঠিত সম্পদ রক্ষা করা সহজ হবে। কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। নৌকায় বেশি মানুষ উঠতে পারে না। গতকাল শুক্রবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, পৌরসহ নানা নির্বাচন চলছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে। দলের দুঃসময়ে দুর্দিনে যারা হাল ধরেছিলেন তাদেরই মূল্যায়ন করা হবে।
কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম প্রমুখ।