যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার তিন দিন আগেই এ নিয়ে সতর্ক করেছিল গোয়েন্দারা। ক্যাপিটল হিলের সুরক্ষার দায়িত্বে থাকা গোয়েন্দাদের বরাত দিয়ে শুক্রবার এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
ক্যাপিটল হিল পুলিশের বিভাগের গোয়েন্দাদের ১২ পৃষ্ঠার একটি মেমোতে হামলার আগে বলা হয়, ট্রাম্পের সমর্থকরা ৬ জানুয়ারিকে নির্বাচনের ফল পরিবর্তনের শেষ সুযোগ হিসেবে দেখছে। আর এই হতাশার অনুভূতি তাদেরকে আরও হিংস্র করে তুলতে পারে।
এ নিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ক্যাপিটল হিল পুলিশের কাছে বিস্তারিত জানতে চাইলেও তারা এ নিয়ে কিছু জানাতে রাজি হয়নি।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের পেশীশক্তির প্রদর্শন দ্বারা রণক্ষেত্র হয়ে ওঠে মার্কিন ক্যাপিটল হিল। ওই ঘটনায় পুলিশ সহ ৫ জন নিহত হয়।
ইত্তেফাক/এআর