যুক্তরাজ্যে প্রবেশ করতে ‘করোনা নেগেটিভ সনদ’ বাধ্যতামূলক হচ্ছে

 বিবিসি

এখনো শনাক্ত হয়নি ‘করোনা ভাইরাসের এমন ধরন থেকে দেশকে রক্ষা করতে’ আগামী সোমবার থেকে সব ভ্রমণ করিডর বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিটে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস বলেন, ‘এই মুহূর্তে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে জনগণকে রক্ষা করতে আমরা দিনের পর দিন নানা ব্যবস্থা গ্রহণ করছি। এটা গুরুত্বপূর্ণ কারণ, টিকা আমাদের আশার আলো দেখাচ্ছে। তাই বিদেশ থেকে ভাইরাসের নতুন নতুন ধরন দেশে প্রবেশ আটকাতে আমাদের অবশ্যই বাড়তি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ নতুন নিয়মে বিদেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করতে হলে প্রত্যেককে যাত্রা শুরুর আগেই কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ হওয়ার সনদ দেখাতে হবে। শুধু যাত্রার সময় করোনা ‘নেগেটিভ’ সনদ দেখালেই হবে না। যুক্তরাজ্যে প্রবেশের পর অন্তত ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, নতুবা পাঁচ দিন পর আবার কোভিড টেস্ট করিয়ে তার ফল ‘নেগেটিভ’ আসতে হবে। পুরো যুক্তরাজ্য জুড়ে নতুন ঐ নিয়ম কার্যকর হবে। সীমান্তে এবং দেশের ভেতর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে বলে জানান জনসন।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের অতি উচ্চ সংক্রামক একটি ধরন শনাক্তের পর সম্প্রতি ব্রাজিলে ভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। ভাইরাসের ঐ ধরন দেশে প্রবেশ আটকাতে যুক্তরাজ্য দক্ষিণ আমেরিকার সব দেশ এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়, যার আওতা বাড়িয়ে এখন বিদেশ থেকে আসা সবার জন্য কোভিড পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।