কানাডায় প্রতিদিন করোনা আক্রান্ত প্রায় ৮ হাজার

কানাডায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে জানুয়ারিতেই দেশটিতে কোভিডে মৃত্যু ২০ হাজারে পৌঁছাতে পারে। কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল ও নিবিড় পরিচর্যাকেন্দ্রগুলোতে ব্যাপক চাপ পড়ছে।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ সরকারি বিভিন্ন বিধিনিষেধ দেওয়া সত্ত্বেও করোনা সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ১৫ জানুয়ারি কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম প্রকাশিত নতুন জাতীয় মডেলিংয়ে দেখা গেছে, কানাডায় বৈশ্বিক মহামারিতে আগামী  ২৪ জানুয়ারির মধ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৬৩০ জন এবং একই সময়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হতে পারে ১৯ হাজার ৬৩০ জন।

কানাডার পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) প্রকাশিত নতুন মডেলিং থেকে আরো জানা যায়, জনগণ যদি বাইরের মানুষের সঙ্গে তাদের যোগাযোগের মাত্রা বাড়িয়ে দেয়, তাহলে সংক্রমণ দৈনিক ৩০ হাজারেরও বেশি হতে পারে।