রুটের ডাবলের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

 

 স্পোর্টস ডেস্ক

চারদিকে সমালোচনার ঝড়। গল টেস্টে প্রথম ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যাওয়ার পর সেটাই স্বাভাবিক। তার ওপর জো রুটের ডাবল সেঞ্চুরিতে বেশ শক্ত অবস্থানে রয়েছে ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। ১৩০ রানে পিছিয়ে থেকে ২ উইকেটে ১৫৬ রানে তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা।

গত এক বছর সেঞ্চুরিহীন ছিলেন রুট। এবার বছরের প্রথম সেঞ্চুরিটিকেই ডাবলে রূপান্তরিত করে এই ব্যাটসম্যান। সঙ্গে ছুয়ে ফেলেন ৮ হাজার রানের মাইলফলক। লঙ্কান মাটিতে প্রথম ইংলিশ হিসেবে ডাবল সেঞ্চুরি পাওয়া রুট থামেন ২২৮ রানে। দিলরুয়ান পেরেরার বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তার চতুর্থ ডাবল সেঞ্চুরির পরও তৃতীয়  দিনে খুব একটা দাপট দেখাতে পারেনি ইংল্যান্ড। ৪ উইকেটে ৩২০ রানে দিন শুরু করে ৪২১ রানেই গুটিয়ে যায় তারা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন দিলরুয়ান। দিন যত এগোচ্ছে গলের উইকেটে স্পিনের ধার যেন কমতে শুরু করছে। প্রথম ইনিংসের দুঃসহ স্মৃতি ভুলে দ্বিতীয় ইনিংসে দৃঢ়তার পরিচয় দেয় লঙ্কানরা। ২৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি থেকেই আসে ১০১ রান। ভালোই খেলছিলেন কুশল পেরেরা (৬৩)। কিন্তু লোভ সামলাতে না পেরে স্যাম কারানের বলে লিচের হাতে ধরা দেন তিনি। টানার চতুর্থ ইনিংসে ডাক মারা  কুশল মেন্ডিস শূন্যের ফারা কাটিয়েই ফেরেন দ্রুত। তবে নাইটওয়াচ ব্যাটসম্যান লাসিথ এম্বুলদেনিয়াকে (০) নিয়ে ক্রিজে আছেন ওপেনার লাহিরু থিরিমান্নে (৭৬)। হার এড়াতে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে তার দলকে। 

সংক্ষিপ্ত স্কোর ঃ শ্রীলঙ্কাঃ ১৩৫ ও ১৫৬/২ (পেরেরা ৬২, থিরিমান্নে ৭৬*, মেন্ডিস ১৫; কারান ২৫-১, লিচ ৬৭-১)। ইংল্যান্ডঃ ৪২১/১০ (রুট ২২৮, বাটলার ৩০, ব্রড ১১*; দিলরুয়ান ১০৯-৪, এম্বুলদেনিয়া ১৭৬-৩)