টাইটেল স্পন্সর লাভেলো, পাওয়ার্ড বাই ওয়ালটন

বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিরিজের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ ২০২১’। সিরিজের টাইটেল স্পনসর হয়েছে লাভেলো আইসক্রিম, পাওয়ার্ড বাই স্পনসর ওয়ালটন।

গতকাল এক সংবাদ সম্মেলনে স্পনসর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. একরামুল হক, ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম এবং সিরিজের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার বিজ্ঞাপনী সংস্থা মাত্রার সানাউল আরেফিন।

= আগামী বছরও সব টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বড় বড় আয়োজন স্থগিত হয়ে গেছে করোনার কারণে। তার পরও ঘরোয়া টুর্নামেন্টে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে বিসিবি। গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আগামী বছর পর্যন্ত সব টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামেই হবে। তিনি বলেছেন, ‘আগামী বছর পর্যন্ত আমাদের যতগুলো ক্রিকেট ইভেন্ট হবে, সবগুলোর নাম বঙ্গবন্ধুর নামে উত্সর্গ করা হবে।’

= থাকছে না দর্শক

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনুমিতভাবেই গ্যালারিতে দর্শক থাকবে না। তার পরও বিশেষ আমন্ত্রণের মাধ্যমে সীমিতসংখ্যক দর্শককে ভিআইপি স্ট্যান্ডে বসার অনুমতি দিতে পারে বিসিবি। গতকাল জালাল ইউনুস বলেছেন, ‘বাই রোটেশন কিছু সাবেক ক্রিকেটার আছেন, অধিনায়ক আছেন, অতিথি আছেন, স্পনসররা আছে। আমরা তাদের আমন্ত্রণ জানাব, তবে এটা খুবই সীমিত আকারে। সাধারণ দর্শকদের আমরা এলাও করছি না।’