এতদিন ছিলেন হাফ ম্যানেজার ও হাফ ফুটবলার। এবার পুরোপুরি ম্যানেজার পদে স্থায়ী হয়ে গেলেন সাবেক ইংলিশ ফুটবলার ওয়েইন রুনি। তাই গত শুক্রবার থেকে বুটজোড়ায় আর দেখা যাবে না তাকে। গত বছর থেকেই ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব ডার্বি কাউন্টির অন্তর্বর্তীকালীন ম্যানেজার ও ফুটবলার হিসেবে ছিলেন রুনি। এখন থেকে আগামী আড়াই বছর পুরোটা সময়ই ডার্বির ডাগআউটে থাকবেন তিনি। ফুটবল ক্যারিয়ারে রুনির সেরা সময়টা কাটে ম্যানচেস্টার ইউনাইটেডে। শৈশবের ক্লাব এভারটন থেকে তাকে রেড ডেভিলসে নিয়ে আসেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ক্লাব সর্বোচ্চ ২৫৩ গোলের রেকর্ড গড়ে আবারও ফিরে যান এভারটনে। এরপর দুই বছরে যুক্তরাষ্ট্রে ডিসি ইউনাইটেডে থেকে ডার্বিতে যোগ দেন তিনি। তিন বছর আগে সর্বোচ্চ গোল স্কোরার (৫৩) হিসেবে জাতীয় দল থেকে অবসর নেন রুনি।