মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জের মহিষকাটা বাজারসংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজটি ভেঙে পানিতে ডুবে মাওলানা আইয়ুব আলী মৃধা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী মৃধা কলাগাছিয়া আছমতিয়া এন্তাজিয়া দাখিল মাদ্রাসার সুপার। ব্রিজ পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাসহ এটি ভেঙে যায়। এ সময় মাওলানা আইয়ুব আলী মৃধা ডুবে গেলে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার লাশ উদ্ধার করে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।