বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
পলো বাওয়া উত্সব গ্রামবাংলার ঐতিহ্যের একটি অংশ। আগেকার দিনে বছরে একবার এ উত্সব পালন করতেন হাওর পারের লোকজন। উত্সবের সপ্তাহখানেক আগে গ্রামগঞ্জে তেলের টিন বাজিয়ে জানিয়ে দেওয়া হতো উত্সবের তারিখ। সেই উত্সব ধরে রেখেছেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরী গ্রামের লোকজন। প্রতি বছর মাঘ মাসের প্রথম তারিখে গ্রামবাসী দক্ষিণের বড় বিলে পলো বাওয়া উত্সব পালন করে থাকেন। এবারও শনিবার সকাল থেকে লোকজন পলোসহ মাছ ধরার বিভিন্ন যন্ত্র নিয়ে বিলের পাড়ে সমবেত হতে থাকেন। দুপুরে প্রবাসীসহ এক সঙ্গে গ্রামের শতশত লোকজন পলো নিয়ে বিলের পানিতে ঝাঁঁপিয়ে পড়েন। এ উত্সব উপভোগ করতে গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোর, প্রবাসীসহ সবাই বিলের পাড়ে উল্লাস করেন।
জব্বার মিয়া নামের এক বৃদ্ধ জানান, পূর্বপুরুষেরা প্রায় দেড় শ বছর ধরে এ উত্সব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতা রক্ষা করতে তারা প্রতি বছর এ উত্সব পালন করে আসছেন। উত্সবে পলো দিয়ে ইকবাল হোসেন, আব্দুল কাহার, লিমন মিয়া, সুরত আলী, মুহিবুর রহমান ও ওয়াহিদুর রহমানসহ গোয়াহরী গ্রামের অনেকেই রুই, রাঙা কারপু, বোয়াল, শৌল ও মাগুর মাছসহ হরেক রকমের মাছ ধরেছেন। দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম হোসেন বলেন, আমাদের পূর্বপুরুষেরা পলো বাওয়া উত্সব পালন করতেন। তাদের ধারাবাহিকতায় এখন চলছে পলো বাওয়া উত্সব। এ ধারা অব্যাহত রাখতে গ্রামবাসী সব সময় পলো বাওয়া উত্সবের আয়োজন করে থাকেন।