ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ে মাজেদা বেগমের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ে ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মহীয়সী মাজেদা বেগমের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে শনিবার বিশেষ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলরুবা মিলন নাহারের সভাপতিত্বে দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। দৈনিক ইত্তেফাকের ইন্দুরকানী সংবাদদাতা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মো. শাহীন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আয়েশা সুলতানা, সমাজকর্মী মনিরুজ্জামান খান প্রমুখ। এ সময় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তার সহধর্মিণী মাজেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাটাজোড় আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোস্তাইজ বিল্লাহ। এছাড়া দোয়ায় দৈনিক ইত্তেফাক পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।