সরু পথে চলাচলে দুর্ভোগে পাঁচ গ্রামবাসী

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাস্তা সরু হওয়ায় চলাচল ও মালামাল পরিবহনে দুর্ভোগে রয়েছে রৌমারীর পাঁচ গ্রামের মানুষ। চরবারবান্দা গ্রামের হাবিবুর রহমান বলেন, গত বছর গ্রামবাসী জমির আইল দিয়ে চার ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করে। এবার জমির মালিকরা রাস্তার বেশি অংশই কেটে ফেলেছে। ফলে ঐ পথ দিয়ে এখন যানবাহন তো দূরের কথা মানুষও ঠিকামতো হেঁটে যাতায়াত করতে পারে না। সাবেক মেম্বার মো. আবুল কালাম আজাদ বলেন, জমির মালিকদের বলে চার ফিট রাস্তার ব্যবস্থা করেছিলাম। এখন দেখি ঐ রাস্তাও নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, এলাকাবাসী আবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।