আগৈলঝাড়ায় চার পলাতক আসামি গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়া থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি পূর্ব বাগধা গ্রামের আল আমীন মিয়াকে গ্রেফতার করা হয়। আল আমীন উজিরপুর থানার জিআর মাদক মামলায় ১৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের নিজাম সরদারকে পুলিশ ঐ রাতে গ্রেফতার করে। শনিবার সকালে জিআর মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বাশাইল গ্রামের সেলিম মোল্লা ও তার ভাই হানিফ মোল্লাকে গ্রেফতার করা হয়। আল আমীনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং অন্যদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।