সংবাদ সংক্ষেপ

 

‘শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা বাগাতিপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির আয়োজনে কোভিড-১৯ কালীন ‘শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা জিমনেসিয়াম হল রুমে এই সেমিনার  হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প হয়েছে। উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখণ্ড বাজারসংলগ্ন প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডায়াবেটিস, রক্তের গ্রুপ, প্রেশার মাপা, ওজন মাপা, দাঁত, কান, নাক, চোখ, কিডনি, লিভার, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু ও পুষ্টিহীনদের চিকিত্সাসেবাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার আলোচনাসভা

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ভূমিদখল ও পরিবেশ রক্ষায় উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনাসভা হয়েছে। শনিবার উপজেলাস্থ রশিদপুর বালুর মাঠে এ আলোচনাসভায় উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ডা. জহির উদ্দিন বাবর সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম ফারুক মোল্লা।

গৃহহীনকে নতুন ঘরের চাবি হস্তান্তর

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে এক গৃহহীনকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহ. রেজাউল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ব্যক্তিগত উদ্যোগে বালিয়াকান্দি সদর ইউপির দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের গৃহহীন আমিরুলকে পাকাঘর নির্মাণ করে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহ. রেজাউল ইসলাম।

নতুন প্রশিক্ষণ ভবন উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে শনিবার আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নতুন প্রশিক্ষণ ভবন উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান লায়ন এম এ রশিদ।

ট্রাফিক আইন সচেতনতায় কর্মশালা শুরু

জয়পুরহাট প্রতিনিধি সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থ্রি-হুইলার চালকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার থেকে শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। প্রশিক্ষণ কর্মশালায় ১৫০ জন চালক অংশ নিয়েছেন।

নাসিরনগর আধুনিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ১০তম বার্ষিক সাধারণ সভা, মতবিনিময় ও পুরস্কার বিতরণী হয়েছে। শনিবার হাসপাতালের চেয়ারম্যান ও অর্থ পেডিকস বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরার কামালের সভাপতিত্বে এসব অনুষ্ঠান হয় হাসপাতালের সভাকক্ষে।

পীরগঞ্জ পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে প্রথম আনুষ্ঠানিকভাবে পীরগঞ্জ পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। শনিবার স্থানীয় কছিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম।

মমরেজ গলগন্ডা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঘাটাইলের মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে শনিবার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে চার তলা বিশিষ্ট আধুনিক নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম হেস্টিংস।