ইত্তেফাক রিপোর্ট
গ্রাহকের ঋণের বিষয়ে ভুল তথ্য দেওয়ায় এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। অবশ্য এ জরিমানা মওকুফ চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটি আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। এতে উত্তরা ফাইন্যান্স জরিমানা দেওয়া থেকে ছাড় পাচ্ছে না। সূত্র মতে, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) তিন গ্রাহকের বিষয়ে ভুল তথ্য দিয়েছে উত্তরা ফাইন্যান্স। আর এতে ঐ তিন গ্রাহককে ঋণ দিয়ে ক্ষতির মুখে পড়েছে অন্য আরো কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অভিযোগের মুখে জরিমানা গুনতে হচ্ছে উত্তরা ফাইন্যান্সকে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ভুল তথ্য দেয়, সে তিন প্রতিষ্ঠান হলো—এমআরআই ট্রেডার্স, সাদ মুসা ফেব্রিক্স ও প্রীতি সোয়েটার্স।