তিন সপ্তাহ ধরে টপ গেইনারে রবি আজিয়াটা

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও দাম বাড়ার শীর্ষ স্থান দখল করে রেখেছে রবি আজিয়াটা। ফলে তিন সপ্তাহ ধরে শেয়ারের দাম বাড়ার শীর্ষে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে রবি আজিয়াটার শেয়ারের দাম ছিল ৪৭ দশমিক ৬০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ১০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২২ দশমিক ৫০ টাকা বা ৪৭ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৫৮০ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ১১৬ কোটি ১৭ লাখ ৪০০ টাকা।

দাম বাড়ার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বোচ্চ ৩৪ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৮১২ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ১৬২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ২০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বোচ্চ ২৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। সপ্তাহ জুড়ে শেয়ারটি সর্বমোট ৩৯৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ৭৮ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা। দাম বাড়ার শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৪ দশমিক ৬৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ২২ দশমিক ৩৫ শতাংশ, সামিট পাওয়ারের ২২ দশমিক ০৯ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ২১ দশমিক ০৯ শতাংশ, বিএসআরএম স্টিলের ২০ দশমিক ৪৯ শতাংশ, এপোলো ইস্পাতের ১৮ দশমিক ৬৭ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্সে ১৮ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।