ইত্তেফাক রিপোর্ট
নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে দুটি বিজনেস ইনকিউবেশন সেন্টার তৈরি করছে এসএমই ফাউন্ডেশন। ঢাকা ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এই দুটি সেন্টার স্থাপন করা হবে। সেই সঙ্গে বিজনেস ইনকিউবেশন সেন্টার পরিচালনায় একটি জাতীয় কৌশলপত্র তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গতকাল এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনীতিকে শক্তিশালী করতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতের অবদান আরো সম্প্রারিত করার বিকল্প নেই। ঢাকা ও চট্টগ্রামের বিজনেস ইনকিউবেশন সেন্টার বাস্তবায়নে নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শক এবং আন্তর্জাতিক ইনকিউবেশন সেন্টার বিশেষজ্ঞ হুলিয়া তেতিক বিজনেস ইউকিউবেশন সেন্টার ব্যবস্থাপনা ও পরিচালনায় তৈরি করা জাতীয় কৌশলপত্রের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, এসএমই ফাউন্ডেশনের নেতৃত্বে দেশব্যাপী ইনকিউবেশন সেন্টারের ব্যবস্থাপনা ও পরিচালনায় শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বিসিক, নাসিব, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিটাক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠনের কথা বলা হয়েছে জাতীয় কৌশলপত্রে। এই কমিটি উদ্যোক্তাদের উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিজনেস ইনকিউবেশন সেন্টারকে কার্যকর করতে জাতীয় প্ল্যাটফরম হিসেবে কাজ করবে। সেই নতুন উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তিতে সহায়তা এবং কর সুবিধা নিশ্চিত করা, কর ব্যবস্থা সহজীকরণ, নগদ সহায়তা এবং সফল উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার কাজ করবে জাতীয় সমন্বয় কমিটি।
কর্মশালায় আরো জানানো হয়, এডিবির অর্থায়নে এসএমইডিপি-২ প্রকল্পের কারিগরি সহায়তার আওতায় ঢাকায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রামে চট্টগ্রাম উইমেন চেম্বারের ব্যবস্থাপনায় এই দুটি বিজনেস ইনকিউবেশন সেন্টার পরিচালিত হবে। এসব বিজনেস ইনকিউবেশন সেন্টার থেকে ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে পরামর্শ ও সহায়তার পাশাপাশি অফিস স্পেস ব্যবহার এবং কারিগরি সহায়তা পাবেন উদ্যোক্তারা।