ভাবগম্ভীর পরিবেশে মহীয়সী মাজেদা বেগমের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

ইত্তেফাক রিপোর্ট

যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩৪তম মৃত্যুবার্ষিকী। সর্বজন শ্রদ্ধেয়া মাজেদা বেগমকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করলেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। শুধু ইত্তেফাকের মানুষের কাছেই নন, সবার কাছেই তিনি জনদরদি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মরহুমার কনিষ্ঠ পুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষ থেকে এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে মরহুমার আজিমপুর মাজার প্রাঙ্গণে সকাল থেকে কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার নাতি ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিট চিফ আমীর মোহাম্মদ, প্রেস ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন খান, দৈনিক ইত্তেফাক এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আখতার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফ, ইত্তেফাকের রোটারি ইনচার্জ আব্দুল মতিন, দৈনিক ইত্তেফাকের কর্মকর্তা শহীদ হোসেন খানসহ মরহুমার পরিবার ও ইত্তেফাকের কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন ইত্তেফাকের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

এদিকে, মাজেদা বেগমের বড় মেয়ে মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমন্ডির বাসভবনে বাদ এশা কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।