২৫ ধর্ষণ মামলার আসামিরা ১ থেকে ১৫ দিনে জামিন পেয়েছে

২৫ ধর্ষণ মামলার বর্তমান অবস্থা তুলে ধরেছে এমজেএফ

ইত্তেফাক রিপোর্ট

দেশে ২০১২-২০১৭ সাল পর্যন্ত দায়েরকৃত ২৫টি ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত ২৫ আসামি ২৪ ঘণ্টা থেকে ১৫ দিনের মধ্যে জামিন পেয়েছে— এমন তথ্য উঠে এসেছে মানুষের জন্য ফাউন্ডেশনের মামলা গবেষণায়। এতে আরো জানা গেছে, বর্তমানে ২০ অভিযুক্ত ধর্ষক জামিনে মুক্ত অবস্থায় রয়েছে। মাত্র তিন অভিযুক্ত ধর্ষক কারাগারে রয়েছে এবং দুই জন প্রভাবশালীর ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে। এমনকি তাদের গ্রেফতারও করা হয়নি। উপরন্তু অধিকাংশ আসামি জামিনে মুক্ত হয়ে মামলাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার সকালে ধর্ষণ মামলার বর্তমান অবস্থা তুলে ধরতে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেএফ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এমজেএফের সাতটি সহযোগী সংস্থার মাধ্যমে ফলোআপকৃত ২৫টি ধর্ষণ মামলার বর্তমান অবস্থা তুলে ধরা এবং ধর্ষণ মামলা পরিচালনায় প্রতিবন্ধকতা ও দীর্ঘসূত্রতার কারণগুলো খুঁজে বের করাই ছিল এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য।