কুমিল্লায় যুবলীগ কর্মী জিলানী হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান জিলানী হত্যা মামলায় আসামিদের জামিন বাতিল করে সব আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জিলানীর পরিবার। শনিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী নগরীর চৌয়ারা বাজার এলাকায় ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জিলানীর স্কুলশিক্ষিকা স্ত্রী জাহানারা বেগম বলেন, মামলাটি থানাপুলিশ থেকে পিবিআইয়ে তদন্তের জন্য দেওয়া হলেও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। স্বামী হারিয়ে এখন এতিম সন্তানদের নিয়ে চরম আতঙ্কে দিন অতিবাহিত করছি, মামলার অনেক আসামি জামিনে আসায় আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।

উল্লেখ্য গত বছরের ১১ নভেম্বর সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা বাজারে সশস্ত্র সন্ত্রাসীরা জিল্লুর রহমান জিলানীকে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের ছোট ভাই মো. ইমরান হোসাইন চৌধুরী। মামলায় মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ওরফে রিন্টু, সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর আবুল হাসান, আবদুস সাত্তার এবং সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার ওরফে খলিলসহ ২৪ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার দিন পুলিশ আব্দুল কাদের নামে এজাহারনামীয় এক আসামি এবং মামলাটি পিবিআইতে আসার পর নুরুল ইসলাম নামের অপর এক আসামিকে গ্রেফতার করে। এরই মধ্যে এ মামলায় এজাহার নামীয় ১৫ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক বিপূল চন্দ্র বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা, আমাদের তদন্ত চলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।