চট্টগ্রামে দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম অফিস

দোকান ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর জামালখান এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শিবু দাশগুপ্ত (২২) জামালখান এলাকার দুলাল দাশগুপ্তের পুত্র। সে মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। দোকানের মালিক মো. আজাদ মামলা দায়ের করার পর শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

কোতোয়ালি থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শিবু দাশ জামালখান এলাকার একটি কিশোর গ্যাংয়ের নেতা। গ্যাংয়ের এক সদস্য নিকটস্থ আজাদ স্টোরে ৫০০ টাকার নোট নিয়ে সিগারেট কিনতে যায়। দোকানি ভাংতি নেই বলে তাকে ফিরিয়ে দেন। কিছুক্ষণ পর শিবু গিয়ে নোট ভাংতি না দেওয়ার কারণ জানতে চেয়ে দোকানিকে মারধর শুরু করে। এক পর্যায়ে দোকানের সামনে কাচের বক্স ভেঙে ভেতরে ঢুকে দোকানিকে বেধড়ক মারধর করেন। দোকানির অভিযোগ তার দোকান থেকে ১৩ হাজার টাকা শিবু নিয়ে গেছে। সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে শিবুকে গ্রেফতার করা হয়েছে।