পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, সহিংসতা ও নির্বাচন এক সঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সকলের ঐকমত্য আবশ্যক। যে কোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান। শনিবার সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন শেষে লিখিত প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
মাহবুব তালুকদার জানিয়েছেন, ‘বেলা ১টা পর্যন্ত সাভার পৌরসভার ঐ সকল ভোটকেন্দ্রে ৭৩১১ জন ভোটারের মধ্যে ১২৩২ জন ভোট প্রদান করেন। তিনটি বুথে আমি তিন জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এমতাবস্থায় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।’