দুয়েকটি নগণ্য ঘটনা ছাড়া ভোট সুন্দর হয়েছে :ইসি সচিব

দুয়েকটি নগণ্য ঘটনা ছাড়া ৬০টি পৌরসভার সব জায়গায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। গতকাল শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসির সচিব বলেন, বোয়ালমারী পৌরসভার একটি কেন্দ্রে দুপুর ১২টার পরে কিছু দুষ্কৃতকারী হঠাত্ করে ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছে, বাক্স ভেঙে ফেলেছে। যেহেতু বাক্স ভেঙে ফেলেছে, ব্যালট পেপার নিতে না পারলেও প্রিজাইডিং অফিসার ঐ কেন্দ্রের ভোট স্থগিত করেছেন। আরেকটা কিশোরগঞ্জে। তারা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়েছিল। প্রিজাইডিং অফিসার সেটিও বন্ধ ঘোষণা করেছেন। এছাড়া আমাদের ৬০টি পৌরসভার যত  কেন্দ্র আছে, সব জায়গায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হয়েছে। আপনারা দেখেছেন, প্রচুর ভোটার সেখানে ভোট দিয়েছেন। কিছু দুষ্কৃতকারী সব জায়গাতেই থাকে, তারা চেষ্টা করে বিতর্কিত করতে এবং নির্বাচনকে ভণ্ডুল করার জন্য উল্লেখ করে সচিব বলেন, ‘তাদের উদ্দেশ্যই থাকে সুষ্ঠু নির্বাচন যাতে না হতে পারে। সেটাকে ব্যর্থ করে দিয়ে আমরা বলব যে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আপনাদের সহযোগিতায় অত্যন্ত সুন্দর একটি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে।’

ভোট পড়ার হার সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের কাছে এ পর্যন্ত যে তথ্য এসেছে, তাতে ইভিএমে সর্বোচ্চ ৮০ পারসেন্ট ভোট পড়েছে। এটা সর্বশেষ হিসাব নয়। আগের, কখনো কখনো বিকালের, কখনো দুুপুরের হিসাব। আমরা চূড়ান্ত ফলাফল পেলে বলতে পারব।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সব মিলিয়ে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ নির্বাচন ও অংশগ্রহণমূলক নির্বাচনের ডেফিনেশন আপনারা ভালো করে জানেন। নিরপেক্ষভাবে নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, রাষ্ট্রযন্ত্রের। তারা সেই আয়োজন করেছে। এখন যদি কেউ নির্বাচনে তার প্রতিনিধি না দেন বা নির্বাচনে অংশগ্রহণ না করেন, সে জন্য ওনারা এটা বলতেই পারেন।