চট্টগ্রামে প্রচারণাকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

নির্বাচনি প্রচারণা চালানোর সময় নগরীর টাইগারপাস এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, টাইগারপাস মোড়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর গণসংযোগের কর্মসূচি ছিল। এ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে। অনুষ্ঠানে মেয়র প্রার্থী আসার আগে লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা ইটপাটকেল ছোড়াছুড়ি করে। এ ব্যাপারে আবুল হাসনাত মো. বেলাল বলেন, দিদারুল আলম মাসুমের নেতৃত্বে তার অনুসারীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় আমাদের কর্মী মোজাম্মেল হোসেন সোহাগ, মাহমুদ ও শাহীন আহত হন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন দিদারুল আলম মাসুম। তিনি বলেন, বেলাল গ্রুপের সঙ্গে অনেক ছাত্রদলের নেতাকর্মীও যোগ দিয়ে আমাদের ওপর হামলা করে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বলেন, বেলাল ও মাসুম গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।