কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের উদ্যোগে রাজধানীর একটি রেস্টুরেন্টে গতকাল শনিবার শুকরিয়া মাহফিলের আয়োজন করা হয়। বিষয়বস্তু ছিল, ‘২০২০ এর জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া ও ২০২১ সালের জন্য মহান আল্লাহর নিকট দয়া প্রার্থনা।’ রাজধানীর ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে এ দোয়া মাহফিলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রায় ৫০ জন সাবেক সামরিক কর্মকর্তা, অন্তত ২৫টি রাজনৈতিক দলের নেতা ও চার জন সাবেক সচিবসহ অন্তত ২০ জন আমলা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও ছিলেন। দুপুর ১২টা থেকে বেলা আড়াই পর্যন্ত সভাটি চলে।
গত ১৪ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন-গুলিস্তান এলাকায় যারা সরকার পতনের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রকাশ্যে এবং নেপথ্যে ছিলেন তাদের প্রায় প্রত্যেকেই এই দোয়া অনুষ্ঠানে যোগ দেন। তবে বিএনপির মহাসচিবকে এ অনুষ্ঠানে যেতে আমন্ত্রণ জানানো হলেও তিনি শেষ মুহূর্তে তা বাতিল করেন বলে একটি সূত্র জানায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আজম।
আরো বক্তব্য দেন—মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সাবেক রাষ্ট্রদূত আসাফউদ্দৌলা, মেজর (অব.) সারোয়ার, রিয়ার অ্যাডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, মেজর জেনারেল (অব.) এহতাশামুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসিম, লে. কর্নেল (অব.) হান্নান মৃধা, লে. কর্নেল (অব.) ডা. আকরাম, লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, লে. কর্নেল (অব.) রাশিদ উন নবী, মেজর (অব.) আতিক, মেজর (অব.) ইমরান, মেজর (অব.) হানিফ, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মনজু, হেফাজত ইসলামীর নেতা মাওলানা জাকারিয়া নোমানসহ ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতারা।
দোয়া মাহফিলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, এই বছর আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—এই তিনটি যদি বাস্তবায়িত হয়, তাহলে এই দেশ সোনার বাংলা হবে।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, দোয়া করে লাভ নেই। দোয়া করে কিছু হবে না। আমরা গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা চাই। ভোটাধিকার চাই। এটা আমাদের রাজপথে নেমে আদায় করতে হবে।
পরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, উনি (সৈয়দ ইবরাহিম) বললেন, ‘নববর্ষ এখনো আছে, নতুন বছরকে আবাহন করে দোয়া মাহফিল, তারপর খাওয়াব, আসেন’। আমি সভায় ত্রিশ সেকেন্ড কথা বলেছি। বলেছি, ‘গেল বছর তো খারাপ, সামনের বছর ভালো হবে। এই সরকার যাওয়ার জন্য যেন একটি পরিস্থিতি তৈরি হয়, সবাই মিলে সে চেষ্টা করি।’