দেশব্যাপী চলছে মৃদু শৈতপ্রবাহ, যা আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে বৃষ্টির শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে আরো জানানো হয়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া সকালের দিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশের প্রভাবে এই মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এই উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ ১৪ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করে। গত বৃহস্পতিবার থেকে আমাদের দেশের বেশ কিছু অঞ্চল এই উচ্চচাপ বলয়ের প্রভাবে আসে। তবে ধীরে ধীরে এর প্রভাব কমে আসছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী দুই থেকে তিন দিন দেশে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর বাড়তে পারে।
এদিকে উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা একটু বাড়লেও উত্তর-পশ্চিমের বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি অনুভূত হচ্ছে। সঙ্গে কুয়াশাও অনেক বেশি। ঢাকাসহ বড় শহরগুলোয় তাপমাত্রা কমে গেছে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া আরো কয়েক দিন থাকতে পারে। সপ্তাহের শেষে এসে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।