রাশিয়ায় ফিরেই গ্রেফতার নাভালনি 

রাশিয়ায় ফিরেই গ্রেফতার হলেন পুতিনবিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি। রবিবার জার্মানি থেকে রাশিয়ায় ফেরার পর জামিনের নীতি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

সম্প্রতি এক বিবৃতি জারি করে রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত একটি মামলায দোষী সাব্যস্ত করা হয়েছিল নাভালনিকে। তবে আদালত তিন বছর সাজা দিলেও কারাগারে দিন কাটাতে হয়নি তাকে। কারণ, দোষী সাব্যস্ত হলেও নাভালনির সাজা মওকুফ (‘সাসপেন্ডেড সেন্টেন্স’) করে দেওয়া হয়। কিন্তু শর্ত মোতাবেক তাকে থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সময়ে সময়ে হাজির দিতে হয়। কিন্তু আদালতের বেধে দেওয়া শর্ত মানছেন না নভালনি। তাই দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে।  

গত আগস্টে বিষ প্রয়োগের ফলে নাভালনি অসুস্থ হয়ে পড়েন। কোমায় চলে গেলে দুই দিন পরে তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে পরীক্ষা করে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হলেও তা মানতে নারাজ ক্রেমলিন।

ইত্তেফাক/এআর