এবার শুল্ক কমল সরু চালের

ইত্তেফাক রিপোর্ট

মোটা চালের পাশাপাশি এবার সরু সেদ্ধ চালের আমদানিতেও ১০ শতাংশ আমদানি শুল্ক ও ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কসহ (রেগুলেটরি ডিউটি)  মোট ৩৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে সরকার। ফলে এখন থেকে এ ধরনের চাল  আমদানিতে কেবল ২৫ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হবে। তবে এ তালিকায় বাসমতী চাল ও চিনিগুঁড়া চাল থাকবে না। গতকাল এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি আদেশ জারি করেছে। এটি কার্যকর হবে গত ৭ জানুয়ারি থেকে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগ সূত্র জানিয়েছে, গত ৭ জানুয়ারি অন্যান্য মোটা চাল আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক কমানোর আদেশ জারি করা হয়। ঐ আদেশে সরু সেদ্ধ চাল বাদ পড়েছে। পরবর্তী সময়ে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই চালকেও হ্রাসকৃত শুল্কে আমদানির সুযোগ দিয়ে আদেশ জারি করা হয়। এই আদেশও ৭ জানুয়ারি থেকেই কার্যকর হবে। এনবিআরের শুল্ক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, আগের আদেশে সরু চাল বাদ পড়েছিল। আসলে হ্রাসকৃত শুল্কের সুবিধায় বাসমতী চাল ও চিনিগুঁড়া চাল আমদানি করা হয়। এই দুইটি চালের ক্ষেত্রে আমরা হ্রাসকৃত শুল্কের সুযোগ দিতে চাই না। এজন্য সরু চালকে তালিকায় রাখা হয়নি। তবে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে সরু সেদ্ধ চালকে হ্রাসকৃত শুল্কে আমদানির সুবিধা দেওয়া হয়েছে।