অনলাইনে আর্থিক লেনদেনে অনিয়ম রোধে আইডিটিপি চালু হবে :পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের জনগণকে ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে ইনলাইন থেকে অনলাইনে নিয়ে আসা হবে। অনলাইনে আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফরম (আইডিটিপি) চালু করা হবে বলেও তিনি জানান। সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে প্রবর্তিত ‘বার্ষিক কর্মসম্পাদনে’ সব মন্ত্রণালয়/বিভাগের মধ্যে জনসেবায় আইসিটি বিভাগ সেরা নির্বাচিত হয়েছে। গতকাল রবিবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে এর উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেনসহ বিভাগ ও এর অধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পলক বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সব সরকারি সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া ডিজিটাল বাংলাদেশের মূল দর্শন। বার্ষিক কর্মসম্পাদনে জনসেবায় আইসিটি বিভাগের এ অর্জন আগামীদিনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে আরো বেশি কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। কোভিড-১৯ মহামারিতেও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদনে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯৪ দশমিক ৯৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।