মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ১৩৫ গৃহহীন পরিবার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ নতুন ঘর পাচ্ছে ১৩৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ঘর নির্মাণের কাজ শেষ পর্যায়ে। আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করবেন এবং ঐদিনই নতুন ঘরসহ দলিলাদি গৃহহীনদের হাতে তুলে দেওয়া হবে। ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, সিংগাইরে ১২ জন, শিবালয়ে ২১ জন, ঘিওরে ২৫ জন, হরিরামপুরে ১২ জন, সাটুরিয়ায় ৩০ জন ও দৌলতপুরে ২০ জন এসব ঘর পাবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিকক্ষবিশিষ্ট এই সেমিপাকা ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। যার প্রতিটি ঘরের জন্য সরকার বরাদ্দ রেখেছে ১ লাখ ৭১ হাজার টাকা।