সিংগাইরে কৃষিজমি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ধলেশ্বরী নদী খননের নামে কৃষিজমি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন শতাধিক ভুক্তভোগী কৃষক। গতকাল রবিবার সকালে বাংলাদেশ কৃষক সমিতি সিংগাইর উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। লিখিত বক্তব্যে কৃষকরা জানান, উপজেলার বায়রা, কৃষ্ণপুর, তালেবপুর এবং পৌরসভার কিছু অংশে ধলেশ্বরী নদী পুনঃখননের নামে স্থানীয় প্রভাবশালী মহল গায়ের জোরে কৃষিজমির মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে তাদের ফসলিজমি ধ্বংস করা হচ্ছে। নদী খননের ঠিকাদার এ কাজ করছে। কৃষকদের সর্বনাশ করে তারা ব্যবসা করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হলেও কোনো কাজ হচ্ছে না। অথচ নীতিমালা অনুযায়ী নদী খননকালে নদীর পাড় ও কৃষিজমি রক্ষা করে উভয় পাড়ের বনায়ন করার কথা।