প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচটা দারুণ খেলেছে মোহামেডান। দুর্দান্ত একটা জয় নিয়ে মাঠ ছেড়েছে। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে আরামবাগকে। প্রথম ম্যাচটা উত্সবে কেটেছে। কারণ গতকাল ছিল মোহামেডানের ইংলিশ কোচ সেন লেইনের জন্মদিন। জন্মদিন দুপুরে ঘটা করে আয়োজন করা হয়েছিল ক্লাব টেন্টে। কোচের জন্য কেক আনা হয়। কেকের ওপরে মোহামেডান জার্সির ডিজাইন করা হয়। কায়সার হামিদ, নকিব, রিয়াজ, আবু হাসান চৌধুরি প্রিন্সদের সঙ্গে বেশ কিছু বন্ধুরা ছিলেন এই অনুষ্ঠানে। কোচের মুখে কেক তুলে দেন কায়সার হামিদ। শুভেচ্ছা জানিয়েছেন। মোহামেডানের জন্মদিনের অনুষ্ঠান ফেসবুকে প্রকাশও করেছেন তারা। ম্যাচের আগে এমন উত্সবমুখর অনুষ্ঠান দলকে উজ্জীবিত করেছে। খেলোয়াড়রাও চাইছিলেন ম্যাচটা জিতে কোচের জন্মদিনটা আরো রাঙ্গিয়ে দেওয়া যায়। হয়েছেও তাই। এই কোচ গত বছর মোহামেডানে যোগ দিয়েছিলেন। তার সবচেয়ে বড়গুণ হচ্ছে তিনি পারিশ্রমিকের চেয়ে কাজে বেশি আনন্দ পান। তাই এবার করোনার মধ্যেই সবার আগেই ঢাকায় এসেছেন। কোচ মোহামেডান ফুটবল দল নিয়ে অনুশীলনে নেমেছেন। ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী এবং মুক্তিযোদ্ধার সঙ্গে একই গ্রুপে পড়েছিল। গ্রুপের প্রথম ম্যাচেই আবাহনীর কাছে ৩-০ গোলে হার দিয়ে শুরু করে মোহামেডান। পরের ম্যাচেই ৪-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারায়। কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে মোহামেডান দুর্দান্ত খেলে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। শক্তিশালি সাইফকে ঘাম ঝরিয়ে দিয়েছিল। মোহামেডান অপেক্ষায় ছিল লিগে ভালো কিছু করবে। গতকাল নিজেদের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে ভালোই করেছে, প্রতিশ্রুতি রেখেছে। আরামবাগকে বড় ব্যবধানেই হারিয়েছে মোহামেডান।
তিন দিন জাতীয় অ্যাথলেটিকস অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। একই মাঠে অ্যাথলেটিক ট্র্যাক। তিন দিন মহাব্যস্ত সময় গেছে মাঠের খেলোয়াড়দের। আজ হতে আবার বিকাল ৪টায় খেলা শুরু হবে। মোহামেডান মাঠে নেমেই আরামবাগের ওপর চড়াও হয়। প্রথমার্ধেই গোল পেয়ে মোহামেডান ফুটবলারদের খেলায় গতি বেড়ে যায়। শীতের ঠান্ডা হিম বাতাসে মোহামেডানের গোল গ্যালারি কিছু দর্শক বেশ আনন্দই পেয়েছে। শীতের মধ্যে যারা মোহামেডানকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন তারা তৃপ্তির হাসি নিয়ে বাড়ি গেছেন। ম্যাচের প্রথম ধাক্কাতেই দুই গোলে এগিয়ে যায় মোহামেডান। মালির সুলেমান দিয়াবাতে গোল করেন ১-০। সুযোগ কাজে লাগান আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড আবুওলা নুরাত ২-০। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আগ্রাসি মোহামেডানের আক্রমণ ঠেকাতে পারেনি আরামবাগ। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই তৃতীয় গোল করেন সজিব ৩-০।
আরামবাগ ম্যাচে ফেরার মতো সুযোগ পায়নি বা মোহামেডান দেয়নি। তবে ৭৭ মিনিটে আরামবাগের পেনাল্টি মিস করেন চিজোবা। তিনি বাইরে সুযোগ নষ্ট করলে ডাগআউটে দাঁড়ানো খেলোয়াড়রা আরো হতাশায় পোড়েন। গোল হলে হার এড়ানো না গেলেও ছোট একটা সান্ত্বনা থাকতো। সেটি হয়নি। আরামবাগ প্রথম ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ল।
আজকের খেলা : শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।