সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আট জনকে আসামি করে রবিবার চার্জ গঠন করেছে আদালত। সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচারকাজ শুরু হলো। আদালত সূত্র জানায়, এই ধর্ষণ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ হবে আগামী ২৪ জানুয়ারি।
সিলেট ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাঈদা খানম জানান, এ সময় আদালতে মামলার আট আসামিই উপস্থিত ছিলেন। আসামিরা হলেন ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।
এদিকে আদালতে অর্জুন লস্কর ও মাহবুবুর রহমান রনির জামিন এবং সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি ও রবিউল হাসান ইসলামের পক্ষে তাদের আইনজীবীরা ডিসচার্জ আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।
আলোচিত এ মামলায় গত ৩ ডিসেম্বর ছাত্রলীগের আট নেতাকর্মীকে অভিযুক্ত করে সিলেটের মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আবুল কাশেমের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দুই দফায় তারিখ পরিবর্তনের পর গত ১২ জানুয়ারি অভিযোগপত্র আমলে নেন আদালতের বিচারক। গত বছর ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজের সম্মুখ থেকে প্রাইভেট কারসহ নব দম্পতিকে তুলে নিয়ে ছাত্রবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে প্রাইভেট কারে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের ছয় ক্যাডার।