দুই কিলোমিটারের মধ্যে স্কুল নির্মাণের প্রস্তাব বাতিল দাবি

দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ নবজাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে প্রস্তাবের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, জাতীয়করণের আওতা থেকে বাদ পড়া দেশের ৭ হাজার ২২৩টি প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতীয়করণের আওতায় না আসার কারণে পরিবার নিয়ে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। সমিতির নেতৃবৃন্দ সারা দেশে সরকারি নীতিমালার আওতায় থেকেও বাদ পড়া ৭ হাজার ২২৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান। সমাবেশে উপস্থিত শিক্ষকেরা বলেন, ‘সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব বাতিল করে বাদ পড়া স্কুলগুলোকে জাতীয়করণ করুন।’ মানববন্ধনে সংগঠনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মতিয়ার, সহসভাপতি লিটন খান, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুজা, ময়মনসিংহ বিভাগের সভাপতি আবু সাঈদ প্রমুখ বক্তব্য দেন।